ঘাসফড়িং-এর ওমাটিডিয়ামে প্রতিবিম্ব গঠিত হয়। ওমাটিডিয়ামের ডাই-অপট্রিক্যাল অঞ্চল দিকে আলো প্রবেশ করে এবং রেটিনাল অঞ্চলে প্রতিবিম্ব গঠিত হয়। উজ্জ্বল আলোতে অ্যাপজিশন এবং মৃদু আলোতে সুপার পজিশন প্রতিবিম্ব গঠন করে। নিচে প্রক্রিয়া দুটি বর্ণনা করা হলো।
১। মোজাইক প্রতিবিম্ব (Apposition)ঃ উজ্জ্বল আলোয় প্রতিটি ওমাটিডিয়াম স্বাধীন ভাবে কাজ করতে পারে। উজ্জ্বল আলোতে ওমাটিডিয়ামের আইরিশ এবং রেটিনাল সিথ প্রসারিত হয়। ফলে ক্রিস্টালাইন কোণ্ আবৃত হয়ে যায়। বস্তু থেকে আলোক রশ্মি কর্ণিয়ার মধ্য দিয়ে সরাসরি র্যাবডোমে প্রবেশ করে। এ ক্ষেত্রে শুধুমাত্র একটি ওমাটিডিয়ামের কর্ণিয়া থেকে আগত আলোক রশ্মি র্যাবডোমে পৌছে। পার্শ্ববর্তী কোন ওমাটিডিয়ামের আলোকরশ্মি ঐ র্যাবডোমে প্রবেশ করে না। ফলে একটি ওমাটিডিয়ামে একটি প্রতিবিম্ব গঠিত হয়। এ অবস্থায় প্রতিবিম্বটিকে মোজাইক করা মেঝের পাথরের মতো মনে হয়। তাই একে মোজাইক প্রতিবিম্ব বলা হয়।
২। সুপার পজিশন প্রতিবিম্ব (Super position)ঃ মৃদু আলোয় প্রতিটি ওমাটিডিয়াম স্বাধীন ভাবে কাজ করতে পারে না। অনুজ্জ্বল আলোতে ওমাটিডিয়ামের আইরিশ এবং রেটিনাল সিথ সঙ্কুুচিত হয়। ফলে ক্রিস্টালাইন কোণ্ অনাবৃত হয়ে যায়। বস্তু থেকে আলোক রশ্মি কর্ণিয়ার মধ্য দিয়ে র্যাবডোমে প্রবেশ করে। এ ক্ষেত্রে একটি ওমাটিডিয়ামের কর্ণিয়া থেকে আগত আলোক রশ্মি ছাড়াও পার্শ্ববর্তী ওমাটিডিয়াম থেকে আলোকরশ্মি একই র্যাবডোমে প্রবেশ করে। ফলে একটি অস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। একে সুপার পজিশন প্রতিবিম্ব বলা হয়।