শ্বসন অঙ্গ এবং বায়ুমন্ডলের মধ্যে O2 ও CO2 এর আদান প্রদানকে গ্যাসীয় বিনিময় বলে। গ্যাসীয় বিনিময় প্রক্রিয়াটি অ্যালভিওলাস এবং রক্তের মধ্যে ঘটে। প্রথমে বায়ুমন্ডল থেকে O2 সমৃদ্ধ বায়ু ফুসফুসের অ্যালভিওলাইয়ে আসে। এতে অ্যালভিওলাইয়ের ভিতরে O2 এর চাপ বেড়ে যায় (১০৪ মিমি/পারদ) এবং অ্যালভিওলাইয়ের প্রাচীরের রক্তজালকে O2 এর চাপ কম থাকে (৪০ মিমি/পারদ)। ফলে ব্যাপন প্রক্রিয়ায় অ্যালভিওলাই হতে O2 রক্তজালকে প্রবেশ করে।
আবার শ্বসনের ফলে কোষে CO2 উৎপন্ন হয়। এতে রক্তে CO2 এর চাপ বেড়ে যায় (৪৬ মিমি/পারদ) এবং অ্যালভিওলাইয়ের ভিতরে CO2 এর চাপ কম থাকে (৪০ মিমি/পারদ)। ফলে ব্যাপন প্রক্রিয়ায় রক্তজালক হতে CO2 অ্যালভিওলাই প্রবেশ করে। CO2 পরে নিঃশ্বাসের সাথে বের হয়ে যায়।