গর্ভাশয়ের ভিতরে স্ত্রীরেণুর নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াসে পরিনত হয়। নিউক্লিয়াস দুটি কোষের দুই মেরুতে অবস্থান করে। উভয় মেরুর নিউক্লিয়াস পর পর দুই বার বিভাজিত হয়ে চারটি করে মোট আটটি নিউক্লিয়াস গঠন করে। উভয় মেরু হতে একটি করে নিউক্লিয়াস কোষের কেন্দ্র স্থলে আসে এবং মিলিত হয়ে সেকেন্ডারী নিউক্লিয়াস গঠন করে। উপরের দিকের নিউক্লিয়াস তিনটির মধ্যে মাঝখানের বড় নিউক্লিয়াসটি হলো ডিম্বাণু।
ভ্রুণথলীতে শুক্রাণু ও ডিম্বাণুর নিষেক ঘটে। নিষেকের পর ডিম্বক উদ্দীপ্ত হয়। ডিম্বকের পরিবর্তন ঘটে। ডিম্বক পরিবর্তিত হয়ে বীজে পরিনত হয়। ডিম্বকের জলীয় অংশ কমে যায় এবং নরম অংশ শুকিয়ে কঠিন বীজে পরিনত হয়। ডিম্বকত্বক বীজত্বকে, ডিম্বকনাড়ী বীজবৃন্তে, ডিম্বকনাভী বীজনাভীতে, ডিম্বকরন্ধ্র বীজরন্ধ্রে এবং সেকেন্ডারী নিউক্লিয়াস সস্যে পরিনত হয়।