যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ক্লোরোফিল অণু হতে নির্গত উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন (e–) বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয়ে শক্তি হারিয়ে নিস্তেজ হয়ে পুনরায় ঐ ক্লোরোফিল অণুতে ফিরে না এসে অন্য কোন ক্লোরোফিল অণুতে স্থানান্তরিত হয় তাকে অচক্রীয় ফটোফসফোরাইলেশন বলে। ১৯৬৪ সালে বিজ্ঞানী হিল এবং বেন্ডল Z নকশা দ্বারা এই প্রক্রিয়ার বিক্রিয়া গুলো ব্যাখ্যা করেন। এজন্য একে Z স্কীম বিক্রিয়া বলা হয়। অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটি হলো-
(i) অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ফটোসিস্টেম-I ও ফটোসিস্টেম-II উভয়ই অংশ গ্রহণ করে। ফটোসিস্টেম-II সূর্য থেকে আলোক শক্তি শোষণ করে। এই আলোক শক্তি বিক্রিয়া কেন্দ্র P-680 তে স্থানান্তরিত হয়।
(ii) P-680 হতে উচ্চ শক্তি সম্পন্ন দুটি ইলেকট্রন (2e–) নির্গত হয়। ইলেকট্রন দুটি বাহক প্লাস্টোকুইনিন (PQ) কর্তৃক গৃহীত হয়।
(iii) প্লাস্টোকুইনিন হতে ইলেকট্রন দুটি সাইটোক্রোম-f (Cyt. f) আসে। এ সময় ইলেকট্রন দুটি কিছু শক্তি হারায়। এই শক্তির প্রভাবে ADP ও Pi এর মিলন ঘটিয়ে ATP তৈরী হয়।
ADP + Pi → ATP
(iv) এরপর ইলেকট্রন দুটি সাইটোক্রোম-f হতে প্লাস্টোসায়ানিনের মাধ্যমে ফটোসিস্টেম-I এ প্রবেশ করে। কারণ ইতিপূর্বে ফটোসিস্টেম-I হতে দুটি ইলেকট্রন নির্গত হয়েছে। ফলে সেখানে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয়েছে। এ ভাবে ফটোসিস্টেম-I তার হারানো ইলেকট্রন ফিরে পায়।
(v) ফটোসিস্টেম-I সূর্য থেকে আলোক শক্তি পরিশোষণ করে। এই আলোক শক্তি বিক্রিয়া কেন্দ্র P-700 তে স্থানান্তরিত হয়।
(vi) P-700 হতে উচ্চ শক্তি সম্পন্ন দু’টি ইলেকট্রন (2e–) নির্গত হয়। ইলেকট্রন দু’টি বাহক ফেরিডক্সিন (Pd) কর্তৃক গৃহীত হয়। ফেরিডক্সিন হতে ইলেকট্রন দুটি NADP-reductase-এ প্রবেশ করে।
(vii) এ সময়ের মধ্যে আলোকের উপস্থিতিতে পানির (H2O) অণুর ফটোলাইসিস ঘটে O2, 2H+ ও 2e– উৎপন্ন হয়। O2 বায়ুমন্ডলে চলে যায়। 2e– ফটোসিস্টেম-II তে প্রবেশ করে। এ ভাবে ফটোসিস্টেম-II তার হারানো ইলেকট্রন ফিরে পায়। 2H+, NADP-reductase এর সাথে যুক্ত হয়ে NADPH+H+ উৎপন্ন করে।
উচ্চশ্রেণীর উদ্ভিদদেহে একই সাথে চক্রীয় এবং অচক্রীয় উভয় প্রক্রিয়া চলতে পারে। তবে সায়ানোব্যাকটেরিয়া, শৈবাল ও সবুজ উদ্ভিদে NADP সরবরাহ বন্ধ হয়ে গেলে চক্রীয় প্রক্রিয়া ঘটে। পানির সরবরাহ বন্ধ হয়ে গেলে অচক্রীয় প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এবং চক্রীয় প্রক্রিয়া ঘটে।
[জমিতে আগাছানাশক বা হার্বিসাইড প্রয়োগ করলে আগাছার ফটোসিনথেটিক ইলেকট্রন প্রবাহ বন্ধ হয়ে যায়, তাই আগাছা মারা যায় ]