গ্রীক শব্দ Pteron অর্থ পক্ষল বা ডানা এবং Phyton অর্থ উদ্ভিদ নিয়ে Pteridophyta শব্দটি গঠিত। Pteridophyta এর অর্থ হলো পক্ষল বা ডানাবিশিষ্ট উদ্ভিদ। যে সব অপুষ্পক উদ্ভিদের দেহে ভাস্কুলার বান্ডল থাকে এবং দেহ মূল, কান্ড ও পাতায় বিভক্ত তাদেরকে টেরিডোফাইট্স বলে। টেরিডোফাইট্স এর বিভাগকে Pteridophyta বলে। এদের দেহে ভাস্কুলার বান্ডল থাকে বলে এদেরকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাসও বলা হয়। ভাস্কুলার উদ্ভিদের মধ্যে এরা সবচেয়ে অনুন্নত। ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা সৃষ্টি হয়েছে। ৩৬০–৪০৮ মিলিয়ন বছর আগে ডেভোনিয়ান যুগে এদের উৎপত্তি ঘটে। ২৮৬–৩৬০ মিলিয়ন বছর আগে কার্বোনিফেরাস যুগে এদের বিস্তৃতি ছিল সবচেয়ে বেশি। অধিকাংশ টেরিডোফাইটা স্থলজ। কতক প্রজাতি জলজ বা পরাশ্রয়ী। ৪০০ মিলিয়ন বছর পূর্বে টেরিডোফাইটাই প্রথম স্থল ভাগে প্রাধান্য বিস্তার লাভ করেছিল। বর্তমানে পৃথিবীতে ৪০০টি গণের ১১,০২৩টি প্রজাতি রয়েছে। বাংলাদেশে ৪১টি গোত্রের ১৯৫টি প্রজাতি পাওয়া যায়।