শিকার ধরার জন্য ক্ষুধার্ত হাইড্রা পদতল দ্বারা ভিত্তিকে আটকে ধরে এবং মূলদেহ ও কর্ষিকা ভাসিয়ে দেয়। কোন শিকার কাছে আসলে কর্ষিকার নেমাটোসিস্টগুলো উদ্দীপ্ত হয়ে উঠে। শিকার কর্ষিকাকে স্পর্শ করার সাথে সাথে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট সূত্রক নিক্ষিপ্ত হয়।
ভলভেন্ট নেমাটোসিস্ট শিকারের গতিরোধ করে। গ্লুটিন্যান্টগুলো আঠালো রস ক্ষরণ করে শিকারকে আটকে ধরে। স্টিনোটিল নেমাটোসিস্ট হিপনোটক্সিন নামক বিষ শিকারের দেহে প্রবেশ করিয়ে এবং শিকার অবশ হয়ে যায়। এরপর খাদ্য মুখের কাছে নিয়ে আসে। মুখছিদ্র স্ফীত ও চওড়া হয় এবং মুখে খাদ্য প্রবেশ করে। গ্রন্থিকোষ থেকে নিঃসৃত মিউকাস খাদ্যকে সিক্ত ও পিচ্ছিল করে। হাইপোস্টোম ও দেহপ্রাচীরের সঙ্কোচন-প্রসারণের ফলে খাদ্য সিলেন্টেরনে প্রবেশ করে।