নিউক্লিক এসিড (Nucleic Acid)
নাইট্রোজেন ক্ষারক, পেন্টোজ শ্যুগার ও ফসফোরিক এসিড দ্বারা গঠিত রাসায়নিক উপাদানকে নিউক্লিক এসিড বলে। ইহা কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু। ইহা বংশগতির সকল বৈশিষ্ট্য বহন করে বলে এদেরকে মাস্টার মলিকিউল বলে। ১৮৬৯ সালে সুইস চিকিৎসক ও রসায়নবিদ Friedrich Miescher শ্বেত রক্ত কণিকার নিউক্লিয়াস থেকে একটি নতুন রাসায়নিক পদার্থ আবিষ্কার করেন এবং নামকরণ করেন নিউক্লিন । ১৮৮৯ সালে অল্টম্যান নিউক্লিনকে নিউক্লিক এসিড নামকরণ করেন। ১৮৯৪ সালে Albrecht Kossel নিউক্লিক এসিডে পিউরিন, পাইরিমিডিন, শ্যুগার ও ফসফোরিক এসিড শনাক্ত করেন। এজন্য তাঁকে ১৯১০ সালে রসায়নে নোবেল পুরুষ্কার প্রদান করা হয়। ১৯২১ সালে খধারহব দুই ধরনের নিউক্লিক এসিড আবিষ্কার করেন। DNA এবং RNA।
নিউক্লিক এসিডের মূল উপাদান
নিউক্লিক এসিড তিনটি মূল উপাদান দ্বারা গঠিত। এগুলো হলো-
১। নাইট্রোজেন ক্ষারকঃ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা এই ক্ষারক গঠিত হয়। ক্ষারক গঠনকারী যৌগ গুলো রিং গঠন করে। রিং এর সংখ্যার উপর ভিত্তি করে নাইট্রোজেন ক্ষারককে দুই ভাগে ভাগ করা যায়। যথা –
(i) পিউরিনঃ দুই চক্র বিশিষ্ট নাইট্রোজেন ক্ষারককে পিউরিন বলে। এর সাধারণ সংকেত C5H4N4। ইহা অ্যাডিনিন ও গুয়ানিন দ্বারা গঠিত।
(ii) পাইরিমিডিনঃ এক চক্র বিশিষ্ট নাইট্রোজেন ক্ষারককে পাইরিমিডিন বলে। এর সাধারণ সংকেত C4H4N2। ইহা থাইমিন, সাইটোসিন ও ইউরাসিল দ্বারা গঠিত।
অ্যাডিনিন ও থাইমিন এর নামকরণ করা হয়েছে থাইমাস (Thymus) থেকে। থাইমাস গ্রন্থি থেকে এদের পৃথক করা হয়েছিল। এডিনো অর্থ গ্ল্যান্ড বা গ্রন্থি। সাইটোসিন এর নামকরণ হয়েছে সাইটো থেকে। সাইটো অর্থ সেল বা কোষ। গুয়ানিন এসেছে গুয়ানো শব্দ থেকে। গুয়ানো অর্থ বাদুরের পড়ন্ত মল। সাধারণত ক্ষারক গুলোকে AGTCU বর্ণমালা দ্বারা প্রকাশ করা হয়।
২। পেন্টোজ শ্যুগারঃ পাঁচ কার্বন বিশিষ্ট শ্যুগার (চিনি)-কে পেন্টোজ শ্যুগার বলে। DNA অণুতে ডিঅক্সিরাইবোজ শ্যুগার এবং RNA অণুতে রাইবোজ শ্যুগার থাকে। ইহা এক ধরনের মনোস্যাকারাইড। ডিঅক্সিরাইবোজ শ্যুগারের ২নং কার্বনে অক্সিজেন থাকে না বলে এরুপ নামকরণ করা হয়েছে।
৩। ফসফোরিক এসিডঃ ক্রোমোজোমের একটি অন্যতম রাসায়নিক উপাদান হলো ফসফোরিক এসিড। এর আণবিক সংকেত H3PO4। এতে একটি দ্বিযোজী অক্সিজেন পরমাণু এবং তিনটি একযোজী হাইড্রোক্সিল গ্রুপ রয়েছে। অক্সিজেন ও হাইড্রোক্সিল গ্রুপ একটি পাঁচ যোজী ফসফোরাস পরমাণুর সাথে যুক্ত হয়ে ফসফোরিক এসিড গঠন করে।
নিউক্লিক এসিড কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফসফোরাস দ্বারা গঠিত। এতে নাইট্রোজেন ১৫% এবং ফসফোরাস ১০% থাকে।