১৯৫৭ সালে বিজ্ঞানী বেনেট ক্লার্ক (Bennet Clark) প্রোটিন লেসিথিন মতবাদটি প্রবর্তন করেন। এই মতবাদ অনুসারে, লেসিথিন নামক এক ধরনের ফসফোলিপিড বাহক হিসেবে কাজ করে। কোষের বাইরের তলে লেসিথিন অ্যানায়ন ও ক্যাটায়নের সাথে যুক্ত হয়ে ‘আয়ন লেসিথিন কমপ্লেক্স’ গঠন করে। ‘আয়ন লেসিথিন কমপ্লেক্স’ কোষের বাইরের তল থেকে ভিতরের তলে আসে। কোষের ভিতরের তলে লেসিথিনেজ এনজাইমের প্রভাবে যৌগটি ভেঙ্গে কোলিন ও ফসফোটাইডিক এসিড উৎপন্ন হয় এবং ক্যাটায়ন ও অ্যানায়ন মুক্ত হয়। ATP–এর সহায়তায় কোলিন এবং ফসফোটাইডিক এসিড কোষের বাইরের তলে চলে যায় এবং মিলিত হয়ে লেসিথিন গঠন করে। এভাবে লেসিথিনের চক্রাকারে সংশ্লেষণ ও বিশ্লেষণের মাধ্যমে অ্যানায়ন ও ক্যাটায়ন শোষিত হয়।