বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা (Bohr Atomic Model)

১। বোর পরমাণু মডেল(Bohr Atomic Model) শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ও হাইড্রোজেন সদৃশ এক ইলেক্ট্রনবিশিষ্ট (He+,Li2+,Be3+) আয়ন সমূহের বর্ণালির ব্যাখ্যা করতে পারলেও বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালি ব্যাখ্যা করতে পারে না।

২। বোরের মতবাদ অনুসারে পরমাণু হলো দ্বিমাত্রিক। তাই বোরের পরমাণু মডেলের (Bohr Atomic Model) চিত্র থেকে পরমাণুর প্রকৃত ত্রিমাত্রিক কাঠামো সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না।

৩। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে (জিম্যান প্রভাব, Zeeman Effect) অথবা তড়িৎ ক্ষেত্রের প্রভাবে (স্টার্ক প্রভাব, Stark Effect) বর্ণালি রেখাসমূহ বিভাজিত হয়ে আরও সূক্ষ্ম রেখায় পরিণত হয়। বোরের তত্ত্ব বর্ণালি রেখার বিভাজন সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারে না।

(i) জীম্যান ফলাফল : বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে প্রতিটি পারমাণবিক বর্ণালি রেখা একাধিক রেখায় বিভক্ত হয়ে পড়ে।

(ii) স্টার্ক ফলাফল : পারমাণবিক বর্ণালির উপর বাহ্যিক তড়িৎক্ষেত্রের প্রভাবে পারমাণবিক স্তরগুলো আলাদা হয়ে যায় এবং জটিল বর্ণালির উদ্ভব ঘটে।

৪। এক শক্তিস্তর থেকে অপর শক্তিস্তরে প্রতিটি ইলেকট্রনের স্থানান্তরের জন্য বোর মডেল অনুসারে বর্ণালিতে একটি রেখা পাওয়ার কথা। কিন্তু উচ্চ বর্ণালি মাপক যন্ত্রের সাহায্যে বিশ্লেষণ করলে দেখা যায় একাধিক সূক্ষ্ম বর্ণালি রেখা পাওয়া যায়। এসব সূক্ষ্ম বর্ণালি রেখার উৎপত্তির কারণ ব্যাখ্যা করতে পারেনি। বিজ্ঞানী সমারফিল্ড এর ব্যাখ্যা দেন।

৫। বর্ণালি রেখার তীব্রতা এই মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায় না।

৬। এই মতবাদে একই সময়ে ইলেক্ট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় করা যায়। কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি অনুযায়ী কোন নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একসাথে নির্ণয় করা যায় না।

৭। এই মতবাদ কৌণিক ভরবেগ কেন nh2π এর কোনো ব্যাখ্যা দিতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *