ক্রোমোজোম (Chromosome)
গ্রিক শব্দ chroma অর্থ রং এবং soma অর্থ দেহ নিয়ে chromosome শব্দটি গঠিত। এর অর্থ হলো রঞ্জিত দেহ বা রং ধারণকারী দেহ। প্রকৃত কোষের নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত অনুলিপন ক্ষমতাসম্পন্ন সরু সুতার মতো ক্ষুদ্রাঙ্গ যা বংশগত বৈশিষ্ট্যাবলী বহন করে এবং প্রকরণ ও মিউটেশন ঘটাতে সক্ষম তাকে ক্রোমোজোম বলে।
আবিষ্কার ঃ ১৮৪২ সালে Karl Nagli সর্বপ্রথম উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম প্রত্যক্ষ করেন। ১৮৭৫ সালে বিজ্ঞানী স্ট্রাসবুর্গার সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন। ১৮৮৮ সালে বিজ্ঞানী ওয়ালটার ফ্লেমিং নিউক্লিয়াসের সূতার মতো গঠনকে নামকরণ করেন। ১৮৮৮ সালে বিজ্ঞানী ওয়ালডেয়ার ক্রোমোজোমের নামকরণ করেন। ১৯০২ সালে Sutton ও Boveri ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক হিসেবে বর্ণনা করেন।
ক্রোমোজোম সংখ্যা
১৯২১ সালে বিজ্ঞানী Theophilus Painter সর্বপ্রথম মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করেন। জীবজগতে ১০% এর কম ক্রোমোজোম সংখ্যা গণনা করা হয়েছে। প্রজাতির বৈশিষ্ট্য ভেদে ক্রেমোজোম 2n সংখ্যা ২-১৬০০ হতে পারে। উদ্ভিদ দেহে সবচেয়ে কম ক্রোমোজোম Haplopappus gracilis, 2n = 4 এবং সবচেয়ে বেশি Poa littarosa 2n = 506-530। প্রাণী দেহে সবচেয়ে কম ক্রোমোজোম Ascaris megalocephalus sub. sp. univalens 2n = 2 এবং সবচেয়ে বেশি Aulacantha (Olacantha sp.) 2n = 1600। উচ্চতর জীবের প্রতিটি দেহকোষে ক্রোমোজোম সংখ্যা ২-৮০। মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা ২৩ জোড়া বা ৪৬টি। এর মধ্যে ২টি সেক্স ক্রোমোজোম এবং ৪৪টি অটোজোম।