নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপ একটি রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়া। কোন শিকার হাইড্রার কর্ষিকার নিকটবর্তী হলে সূত্রক নিক্ষিপ্তকরণ শুরু হয়। শিকারের দেহের রাসায়নিক পদার্থের কারণে হাইড্রার নেমাটোসিস্টের প্রাচীরের পানি ভেদ্যতা বেড়ে যায়। ক্যাপসুলের অভিস্রবণিক চাপ বা হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যায়। থলীর ভিতর দ্রুত পানি প্রবেশ করে। থলীর ভিতর পলি–ℽ–গ্লুটামেট নামক রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়। শিকার নিডোসিল স্পর্শ করা মাত্রই অপারকুলাম খুলে যায়। সূত্রক ক্ষিপ্র গতিতে বাইরে নিক্ষিপ্ত হয়। এই সম্পূর্ণ ঘটনাটি মাত্র ৩ মিলি সেকেন্ডে ঘটে।
নেমাটোসিস্টের সূত্রক একবার নিক্ষিপ্ত হলে সেটি আর নিডোসাইটে ফিরিয়ে আনা যায় না। অর্থাৎ একবার নিক্ষিপ্ত হলে আর ব্যবহার করা যায় না। ঐ একই নিডোসাইটে আর কোন নেমাটোসিস্ট সৃষ্টি হয় না। এ ধরনের নিডোসাইট ধীরে ধীরে গ্যাস্ট্রোভাস্কুলারে প্রবেশ করে এবং খাদ্যবস্তুর সাথে মিশে হজম হয়ে যায়। ৪৮ ঘন্টার মধ্যে নতুন নিডোসাইট সৃষ্টি হয় এবং ব্যবহার হয়।